নাসিরনগর হামলা: আ. লীগ নেতা আহাদের মুক্তির আবেদন
নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদের মুক্তি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন ‘ক্ষতিগ্রস্ত’ ২০ ব্যক্তি।
সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
“ওই আওয়ামী লীগ নেতাকে নির্দোষ দাবি করে হামলায় ক্ষতিগ্রস্ত ২০ জনের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বিকালে আমার কাছে দিয়েছেন।”
ব্রাহ্মণবড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দিরে ভাংচুর ও বাড়িঘরে হামলা-লুটপাটে জড়িত অভিযোগে গত ২৭ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে প্রেপ্তার করে পুলিশ। গত ১ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পায় পুলিশ।
আবেদনে বলা হয়, “নাসিরনগরের হামলার শেখ আবদুল আহাদসহ আরও কয়েকজন আমাদের ঘর-বাড়ি ও মন্দির রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এবং আক্রমণকারীদের দ্বারা নিজেও আহত হয়েছেন।
“ঘটনার পর পুলিশ প্রশাসন, মিডিয়া, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিদর্শনকালে তার সহযোগিতার কথা উল্লেখ করে বিবৃতি দিয়েছি ।”
‘ক্ষতিগ্রস্তরা’ আরও উল্লেখ করেন, আহাদ একজন সৎ ও নিষ্ঠাবান লোক। তার প্রচেষ্টায় বড় ধরণের আক্রমণ থেকে রক্ষা পাওয়া গেছে।
আবেদনের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের তদন্তে আবদুল আহাদ নির্দোষ প্রমাণিত হলে তিনি অবশ্যই মুক্তি পাবেন। যদি হামলায় তার সংশ্লিষ্টার প্রমাণ মিলে তবে অবশ্যই তাকে আইনের মুখোমুখি হতে হবে।
