নাসিরনগর হামলা: গ্রেপ্তার আ. লীগ নেতা রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দিরে ভাংচুর ও বাড়িঘরে হামলা-লুটপাটে জড়িত অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান।
আবদুল আহাদ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত ২৭ ডিসেম্বর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা চালানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে গ্রেপ্তারের পর জানায় পুলিশ।
পুলিশ পরিদর্শক মাহবুবুর বলেন, রোববার দুপুরে আবদুল আহাদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর এবং অন্তত দেড়শ বাড়িঘরে হামলা লুটপাট চালানো হয়।
এরপর ৪ নভেম্বর ও ১৩ নভেম্বর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়।
