রেলক্রসিংয়ে দুর্ঘটনা: প্রাইভেট কার চালকের বিরুদ্ধে মামলা
গাজীপুরের কালিয়াকৈরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাইভেট কার ও মৈত্রী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় ট্রেন ও রেলপথের ক্ষতির অভিযোগে কার চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন ফারুক জানান, সোমবার পাকশি রেলওয়ের জেষ্ঠ্য উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুব হাসান বাদী হয়ে মামলা করেন।
রোববার সকালে প্রাইভেট কার ও মৈত্রী এক্সপ্রেসের ওই সংঘর্ষের ঘটনায় কার চালক মিনহাজউদ্দিনসহ পাঁচ আরোহী নিহত হন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববারের দুর্ঘটনায় মৈত্রী ট্রেনের ইঞ্জিন, তেল ও রেললাইনের ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।”
মামলার বাদী মাহবুব হাসান বলেন, চালক আইনভঙ্গ করে বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে গোয়ালবাথান এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
“ওই সংঘর্ষে ট্রেনটির ইঞ্জিন ও রেললাইনের ক্ষতি হওয়ায় মামলা করা হয়েছে।”
গোয়ালবাথান এলাকার নয়ানগর-সোনাখালী অরক্ষিত রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনায় পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
