সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা-যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন চালকসহ পাঁচজন।
সদর থানার এসআই চাঁদ আলী জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব (২৮) সদর উপজেলার ধলডোব পূর্বপাড়ার গনি শেখের ছেলে।
এসআই চাঁদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাটি পিপুলবাড়িয়া থেকে কাজিপুর যাচ্ছিল। বেজগাতি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর যাত্রী আবু তালেব মারা যান।
দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলাম ও চার যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই চাঁদ।
