কক্সবাজারে সড়কে পলাতক আসামির লাশ
কক্সবাজার শহরে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শাহ আলম (৩০) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পুরাতন পাড়া আনসার হোসেনের ছেলে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পাহাড়তলী এলাকার একটি সড়কে তার লাশ পাওয়া যায় বলে কক্সবাজার সদর থানার এসআই মো. মাঈনুদ্দিন জানান ।
ওই যুবকের স্বজনদের বরাত দিয়ে এসআই মাঈনুদ্দিন বলেন, শনিবার দুপুরে শাহ আলম চট্টগ্রাম থেকে তার বোনকে নিয়ে কক্সবাজার আসেন। কলাতলী এলাকা থেকে অজ্ঞাতরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।সন্ধ্যায় শহরের পাহাড়তলীর হালিমা পাড়ার একটি রাস্তার পাশ থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়।
শাহ আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটির বেশি মামলা রয়েছে বলে জানান এসআই মাঈনুদ্দিন।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “শনিবার সন্ধ্যার দিকে শাহ আলমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।”
