ছাত্রলীগের সমাবেশ, ময়মনসিংহে রাস্তা বন্ধ
ছাত্রলীগের সমাবেশের জন্য ময়মনসিংহ শহরের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে ভোগান্তিতে পড়েছে যাতায়াতকারীরা; শহরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশ উপলক্ষে শনিবার বেলা ১১টা থেকে শহরের গাঙ্গিনাপাড় থেকে বাঘমারা রেলক্রসিং পর্যন্ত প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ছাত্রলীগের সবাবেশ চলছে। তাই যানজট এড়াতে সাময়িকভাবে গাঙ্গিনাপাড় থেকে বাঘমারা রেলক্রসিং পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।”
ময়মনসিংহ অটোবাইক মালিক ঐক্যপরিষদের সভাপতি আব্দুল মজিদ জানান, প্রশাসনের নির্দেশে বিকাল পর্যন্ত অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে।
মর্জিনা আক্তার নামে এক নারী অভিযোগ করেন, “কিছু কেনাকাটার জন্য এসেছিলাম। যেতে পারিনি। রাস্তা থেকে আমাদের যানবাহনটি ফিরিয়ে দেওয়া হয়েছে।”
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের থাকার কথা রয়েছে।
