নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, কাউন্সিলর আটক
দশম জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষ পূর্তির দিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে দলটির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর ডিআইট এলাকায় এ ঘটনার সময় ব্যানার কেড়ে নিয়ে যুবদল নেতা ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বিকালে নগরীর মন্ডলপাড়াপুল এলাকা থেকে মহানগর যুবদলের নেতৃবৃন্দ একটি মিছিল বের হয়। মিছিলটি ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পথে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে।
“এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটাকরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে।”
একই সময়ে ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
