২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক খাদে: চালকসহ নিহত ৪

গাজীপুরের বাঘিয়া এলাকায় একটি ট্রাক খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:54 AM

Updated : 11 Oct 2022, 01:16 PM

বুধবার রাত ৩টার দিকে বাঘিয়া-রাজাবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার পরিদর্শক মো. মোবারক হোসেন জানান।

নিহতরা হলেন- ট্রাক চালক সোহেল মিয়া (২৯) এবং ওই ট্রাকের শ্রমিক সুজন রায় (২৩), দিলিপ রায় (২২) ও কাজল রায় (২৪)। 

তাদের মধ‌্যে সোহেলের বাড়ি বাঘিয়া এলাকায়। বাকি তিনজনের বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকায়।

পরিদর্শক মোবারক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় করম মোল্লা ব্রিকস নামের একটি ইটাভাটার মালিকের।

রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ভাটায় ফিরছিল ট্রাকটি। ভাটার কাছাকাছি এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত এবং চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্রাকের আরেক শ্রমিক সুবল চন্দ্র রায় বলেন, “ভাটার পাশে এসে ট্রাক হঠাৎ গভীর খাদে পড়ে যায়। আমি কীভাবে যেন ট্রাক থেকে বেরিয়ে আসি।”