২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো যুবকের লাশ

কুষ্টিয়ার ভেড়ামারায় দাফনের পাঁচ মাস পর আদালতের নির্দেশে এক যুবকের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 04:43 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

ভেড়ামারা থানার ওসি নুর হোসেন খন্দকার জানান, বুধবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিহাব রায়হানের উপস্থিতিতে সাতবাড়ীয়া কবরস্থান থেকে শান্ত হোসেনের (২৫) লাশ তোলা হয়।

শান্ত ভেড়ামারার বিলশুখা গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নুর বলেন, গত বছরের ৮ অগাস্ট প্রতিবেশী চুমকি খাতুন বুড়ির বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন শান্ত।

“পরিবারের সদস্যরা তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপতালে স্থানান্তরের পরামর্শ দেন।কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।” 

ওসি বলেন, শান্তর মৃত্যুর পর স্থানীয় প্রভাবশালীদের চাপের মুখে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। পরে স্থানীয়দের নানা ধরনের গুঞ্জনের মুখে ঘটনার ১৫ দিন পর শান্ত বাবা চুমকিসহ তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে কুষ্টিয়ার বিচারিক আদালতে মামলা করেন।

মামলার পর আদালত লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় বলে জানান তিনি।