২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে ৩ দিনের শোক 

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:07 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

সোমবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি ঘোষণা করেছে বলে উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানিয়েছেন।

তিনি বলেন, শোক কর্মসূচির মধ্যে রয়েছে কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া-মাহফিল।

Image
লিটনের মরদেহ সুন্দরগঞ্জ পৌঁছার পর শোকার্ত মানুষের ভিড়

লিটনের মরদেহ সুন্দরগঞ্জ পৌঁছার পর শোকার্ত মানুষের ভিড়

এছাড়া মঙ্গলবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

শনিবর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গাইবান্ধঅ-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে গুলি চালিয়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সোমবার বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সন্দেহভাজন আরও ১৪ জন আটক

লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৩২ জনকে আটক করা হলো। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ১৪ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, রোববার রাতে এমপি লিটনের বোনের দায়ের করা মামলার পর ১৪ জনকে এবং মামলা দায়েরের আগে ১৮ জনকে আটক করা হয়েছিল।

তদন্তের স্বার্থে কারও নাম পরিচয় জানাননি তিনি। জিজ্ঞাসাবাদে তাদের কাছে কী তথ্য মিলেছে সে বিষয়েও ওসি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।