২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ হত্যার বিচার হলে লিটনকে মরতে হত না’

প্রায় চার বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশ হত্যায় জড়িতদের বিচার করা গেলে এখন সংসদ সদস‌্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ‘মরতে হত না’ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 08:33 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

পুরনো খবর:

বাবা-মার পাশে শায়িত হলেন এমপি লিটন
সুন্দরগঞ্জে ৩ দিনের শোক 
সাংসদদের নিরাপত্তা চাইলেন ডেপুটি স্পিকার
সংসদ প্রাঙ্গণে এমপি লিটনের জানাজা, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার সুন্দরগঞ্জের শাহবাজ এলাকায় লিটনের জানাজার আগে একথা বলেন একই জেলার সংসদ সদস‌্য ফজলে রাব্বী।

সাংসদ লিটনের বাড়ির কাছের বামনডাঙ্গা এলাকায় জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের রায়ের পর দলটির নেতাকর্মীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়, তাতে চার পুলিশ সদস‌্যসহ ছয়জন নিহত হয়েছিলেন।

“সেই মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে আজ লিটন হত্যার মতো ঘটনা ঘটত না,” বলেন গাইবান্ধা-৫ আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া।

‘কিছু কর্মকর্তার অবহেলার কারণে’ এতদিনেও ওই হত‌্যাকাণ্ডের বিচার হয়নি মন্তব‌্য করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, “লিটন হত্যাকাণ্ডের বিচারের যেন সেই পরিণতি না হয়।”

লিটনের হত্যাকাণ্ডের বিচারেরও একই পরিণতি হলে গাইবান্ধা অচল করে দেওয়ার হুমকি দেন ফজলে রাব্বী মিয়া।

প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্যদের ব‌্যক্তিগত নিরাপত্তার ব‌্যবস্থা করার দাবি করেছেন বলেও জানান তিনি।

খ্রিস্টীয় বছরের শেষ দিন শনিবার সন্ধ্যা রাতে সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের সাংসদ লিটনকে তার বাড়ির বৈঠকখানায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত‌্যু ঘটে।

সোমবারই সংসদ ভবনে লিটনের জানাজার আগে ফজলে রাব্বী মিয়া বলেন, “অপরিণত বয়সে লিটনের মৃত্যু হয়েছে। এটা জামাত-শিবিরের চক্রান্ত। গোলাম আজমকে সুন্দরগঞ্জের মাটিতে নামতে দেয়নি লিটন। এই দোষের শিকার হল সে।”

রংপুর থেকে হেলিকপ্টারে করে রোববার লিটনের লাশ ঢাকায় নেওয়া হয়। জানাজার পর লাশ ঢাকা থেকে এলাকায় নিয়ে দাফন করা হয়েছে গ্রামের বাড়িতে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে মরদেহবাহী বিমান বাহিনীর হেলিকপ্টারটি বামনডাঙ্গা রেল স্টেশনের পূর্বপাশের একটি ফাঁকা জমিতে অবতরণ করে।

মরদেহ সঙ্গে নিয়ে আসেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন লিটনের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খুরশিদ জাহান স্মৃতি, তার বড় বোন আফরোজা বুলবুল ও তৌহিদা বুলবুল এবং ভগ্নিপতি ড. আব্দুল্যাহিল বারী।

দুপুর ১টা ৫০ মিনিটে মরদেহ এমপির নিজ বাড়িতে নেয়া হলে সেখানে অপেক্ষায় থাকা স্বজন, প্রতিবেশী ও ঘনিষ্ঠদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের। মরদেহ রাখা হয় লিটনের বাড়ির বাইরের উঠোনের গাব গাছের তলায়।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা মর্মাহত। অপরাধী যেই হোক তাদের শনাক্ত করতে পুলিশী প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা আশা করি পুলিশ তাদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে সক্ষম হবে।”

পরে নেতাকর্মী, এলাকার মানুষ, প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে কফিনে পুষ্পমাল্য অর্পণের পর নানক বলেন, শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত ও দেশের স্বাভাবিক অবস্থা অস্থিতিশীল করতে নানা অপশক্তি কাজ করছে। এই এলাকায় মৌলবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করেছিল যার প্রতিবাদ করেছিলেন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

“তাকে হত্যার মধ্য দিয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে।”

লিটনকে কারা মেরেছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ‌্য জানাতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন‌্য সন্দেহভাজন ৩২ জনকে আটক করা হয়েছে।

লিটনের বোন রোববার রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। তাতে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।

লিটন হত‌্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সুন্দরগঞ্জে হরতাল করে আওয়ামী লীগ।

এদিকে এই সাংসদের মৃত্যুতে সোমবার রাত ৮টায় এক ঘোষণা দিয়ে সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক পালন করার কথা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

জেলা বারের সদস্যদের মানববন্ধন

মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন সোমবার আদালত চত্বরে মানববন্ধন করেছেন।

এ সময় জেলা বারের সভাপতি ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছুসহ আইনজীবীরা বক্তব্য রাখেন।

এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার সকালে নিজ নিজ ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।