২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুইদল গ্রামবাসী। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 01:07 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ও চান্দি গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষের কারণে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকা পড়ে বলে জানান সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান।

আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে রোববার সকালে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

“সংঘর্ষকারীরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক ও রেলপথে উঠে পড়লে ওই সড়কে যান এবং ট্রেন চলাচল ব্যাহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচংয়ে, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে স্টেশনে ও ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশনে আটকা পড়ে।

পরে সংঘর্ষ থামার পর বেলা ১২টায় ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় বলে জানান তিনি।