২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে তিন নৌকা, ১০৬ রোহিঙ্গা ফেরত

মিয়ানমারে সেনা অভিযানের মুখে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী তিনটি নৌকাসহ অন্তত ১০৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 01:03 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

বিজিবির কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত টেকনাফের নাফ নদী, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয়।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রায় প্রতিদিন সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে।তারপরও তাদের চোখ এড়িয়ে এদেশে ঢুকে পড়ছে তারা।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের মেজর মো.আবু রাসেল সিদ্দিকী বলেন, সকালে টেকনাফের নাফ নদীর জিম্বংখালী পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে তিনটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে।

“এ সময় বিজিবির টহল দলের বাধার মুখে তারা আবার মিয়ানমারে ফিরে যায়।”

প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে অন্তত ৩০ জন রোহিঙ্গা ছিল বলে রাসেল জানান।

বিজিবির এ কর্মকর্তা জানান, গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৫০৭ টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে।

অন্যদিকে উখিয়ার বালুখালী, আঞ্জুমান পাড়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট থেকে ৭৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, “বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত রোহিঙ্গারা এসব সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠায়।”

ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ১৩ পুরুষ, ২৪ নারী ও ৩৯ জন শিশু ছিল বলে জানান ইমরান।

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৪১৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।