২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতিতে জয়ী আওয়ামীপন্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে এ বছরও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 09:15 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

নির্বাচনে সমিতির সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ সরকারের ওপর আস্থা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোটগ্রহণ হয়।

সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম।

নির্বাচনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জয়লাভ করেছেন সরকার সমর্থকরা। একই প্যানেল গত বছর সভাপতি-সম্পাদকসহ আটটি পদে জিতেন।

এদিকে ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল’ থেকে বিএনপিপন্থী শিক্ষকরা পেয়েছেন মাত্র দুটি সদস্য পদ। যারা আগের বছর সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম-সম্পাদকসহ সাতটি পদ পেয়েছিলেন।

আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সমিতির ৫৩৪ জন ভোটারের মধ্যে ৪৯৯ জন তাদের ভোট দিয়েছেন। সভাপতি পদে অধ্যাপক ফরিদ আহমদ ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে বিএনপি সমর্থক প্রার্থী সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম পেয়েছেন ২০০ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক প্যানেল থেকে সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ সরকার পেয়েছেন ২৬৮ ভোট। এ পদে বিএনপি সমর্থক প্রার্থী পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন ২০৬ ভোট পেয়েছেন বলে জানান তিনি।

সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থক পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান পেয়েছেন ২৬৬ ভোট। এই পদে ১৯৯ ভোট পেয়ে হেরেছেন বিএনপি সমর্থক গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা।

কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের মোহাম্মদ আমজাদ হোসেন ৩০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে ১৭৫ ভোট পেয়ে হেরেছেন বিএনপি সমর্থক প্যানেলের প্রার্থী ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার।

যুগ্ম-সম্পাদক পদে ২৯৬ ভোট পেয়ে আওয়ামীলীগ সমর্থক প্যানেল থেকে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এই পদে ১৭৫ ভোট পেয়ে হেরেছেন বিএনপি সমর্থক প্যানেলের প্রার্থী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুর রহমান খান।

সভাপতি-সম্পাদক ছাড়া ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে আটটি পদ এসেছে।

সদস্য পদে জয়ী সরকার সমর্থক প্রার্থীরা হলেন- অধ্যাপক কৌশিক সাহা, রাশেদা আখতার, সুফি মোস্তাফিজুর রহমান, শেখ মো. মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক কে এম আককাছ আলী, লাইজু নাসরীন, হোসনে আরা এবং সহাকরী অধ্যাপক মো. আউয়াল আল কবীর।

এই প্যানেল থেকে সদস্য পদে হেরেছেন-অধ্যাপক মো. রুহুল ফুরকান সিদ্দিক এবং সহকারী অধ্যাপক বদরুন্নাহার।

সদস্য পদে বিএনপি সমর্থক ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’ প্যানেলের প্রাথীদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা এবং ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা জয়ী হয়েছেন।

সমিতির নব-নির্বাচিত সভাপতি ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের ফলে আমরা সন্তুষ্ট। আমরা সবাইকে সাথে নিয়েই শিক্ষকদের মঙ্গলের জন্য কাজ করব। নির্বাচনে যে মেনুফেস্ট দিয়েছিলাম সেটা বাস্তবায়নে কাজ করব।”

বিএনপি সমর্থক প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত অধ্যাপক শামীমা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আরো ভালো কিছু করার প্রত্যাশা করেছিলাম। এখন ফলাফল যাই হোক আমরা দলমতের ঊর্ধ্বে গিয়ে নতুন কমিটির সবাই মিলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাব।”