২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসিতে দিনাজপুরে পাসে ও জিপিএ-তে এগিয়ে মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ- ৫ দুটোতেই এগিয়ে রয়েছে মেয়েরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার প্রকাশিত ফলে এ বছর শিক্ষাবোর্ডটিতে পাস করেছে ৯২ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ হার ছিল ৯১ দশমিক ৫২।

আর জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিপিএ-৫ এবং পাসের হারে এবার ছাত্রীরা এগিয়ে রয়েছে।

ছাত্রীর পাসের হার ৯৩ দশমিক ৪১; আর ছাত্রদের ৯২ দশমিক ৫৪। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৩৫ জন। ছাত্রীদের জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৫৫৪ জন বলে জানান তিনি।

এ বছর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার তিন হাজার ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ১৬ হাজার ৭২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে দুই লাখ এক হাজার ৫২৫ জন।

শত ভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯৯টি এবং একজনও পাশ করেনি এমন ৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

ফল বিপর্যয়ের বিষয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।