২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া শহরে হিন্দু বাড়িতে হামলা, কাউন্সিলর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু বাড়িঘর ও মন্দিরের হামলার ক্ষত সারতে না সারতেই এবার জমি দখলে বাধা দেওয়ায় জেলা শহরে একটি হিন্দু বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 05:39 PM

Updated : 11 Oct 2022, 09:29 PM

সোমবার পশ্চিম মেড্ডার রায় সাহেব বাড়িতে এ হামলার এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান।

এ ঘটনায় পুলিশ স্থানীয় কাউন্সিলর জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর ও হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

বাড়ির অন্যতম মালিক প্রণব ভট্রাচার্য বলেন, রুস্তম আলী নামে এক লোক দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি দখল করার পাঁয়তারা করছিল।

“এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টার দিকে একদল লোক স্থানীয় কাউন্সিলরের সহায়তায় পুলিশ লাইনস সংলগ্ন আমাদের একটি জমি দখল করতে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা সংঘবব্ধ হয়ে বাড়িতে এসে হামলা চালিয়ে ভাংচুর করে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদ্যুৎ নাগ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মামলা হচ্ছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।