ফেনীতে সড়ক দুর্ঘটনায় যুবক ও ব্যবসায়ী নিহত
ফেনীতে সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও এক যুবক নিহত হয়েছেন।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড় এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্চুটি গ্রামের একেএম শামছুল হকের ছেলে এম ছানা উল্লা (৫২)।
ফেনীর তাকিয়া রোড এলাকায় একটি দোকান চালাতেন তিনি।
“বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে দোকানে যাওয়ার পথে মোহাম্মদ আলী বাজার এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলে ছানাউল্লার মৃত্যু হয়।”
বেলা ৩টার দিকে শহরের লালপুরে স্টার লাইন সিএনজি পাম্প এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে পরিদর্শক জাহাঙ্গীর জানান।
নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা পুলিশের।
লাশ দুটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
