২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গলায় ছুরি মেরে অটোরিকশা ছিনতাই

গাইবান্ধায় গলায় ছুরিকাঘাতে আহত এক অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; ছিনতাই হয়েছে তার ব্যাটারিচালিত অটোরিকশা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 03:35 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানান গাইবান্ধার সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।

নিহত মিজানুর রহমান (২৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে।

ওসি ফরহাদ বলেন, রংপুরের পীরগঞ্জ থেকে যাত্রীবেশী চার-পাঁচ ছিনতাইকারী মিজানের অটোরিকশায় ওঠে। রাত ৮টার দিকে গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়ায় পৌঁছে তারা মিজানের গলায় ছুরি মেরে অটোরিকশা ছিনতাই করে।

“স্থানীয়রা মিজানকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।”

এই নিয়ে ধাপেরহাট ইউনিয়নে গত পাঁচ মাসে শিশুসহ পাঁচটি খুন হলেও পুলিশ কোনোটির কিনারা করতে পারেনি।

ওসি ফরহাদ বলছেন, রংপুরের পীরগঞ্জ এলাকার দুর্বৃত্তরা ধাপেরহাট এলাকায় এসে এসব হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।