রাজশাহীতে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
রাজশাহী নগর স্বাস্থ্য কেন্দ্রের টয়লেট থেকে হাসপাতালটির নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নগরীর টুলটুলিপাড়া এলাকার স্বাস্থ্য কেন্দ্রটি থেকে আইয়ুব আলীর (৪৭) লাশ পাওয়া যায় বলে নগরীর রাজপাড়া থানার ওসি আমান জানান।
তিনি নগরীর আলীগঞ্জ এলাকার বাসিন্দা। স্বাস্থ্য কেন্দ্রের দোতলার একটি ঘরে থাকতেন তিনি।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে ওসি আমান বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও দোতলার ওই কক্ষে ঘুমতে যান আইয়ুব।রোববার দুপুর পর্যন্ত তিনি কক্ষের দরজা না খোলায় কর্তৃপক্ষ থানায় খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে ওই ঘরের দরজা ভেঙে টয়লেট থেকে তার লাশ উদ্ধার করে।”
ওসি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে আইয়ুব আলী মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
