২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে ৭ নৌকা,৭০ রোহিঙ্গা ফেরত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সাতটি নৌকাসহ অন্তত ৭০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 01:19 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার ভোরে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল, লেদা ও হোয়াইক্যং পয়েন্টে এ অভিযান চালোনো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তারপরও সীমান্ত বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকে পড়ছে তারা।

রাসেল বলেন, টেকনাফের তিনটি পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

“প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে সাতটি নৌকায় ৭০ জনের বেশি রোহিঙ্গা ছিল। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে।”

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ১১৪ টির বেশি নৌকা ফেরত পাঠানো হয় বলে রাসেল জানান।