ফরিদপুরে কাঠ বিক্রেতার লাশ উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলায় এক কাঠ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাল এলাকা থেকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সালথা থানার ওসি বেলায়েত হোসেন।
নিহত এসকেন সরদার (৪৫) দক্ষিণ আটঘর এলাকার মজিদ সরদারের ছেলে। তিনি ওই এলাকায় কাঠ কেনাবেচা করতেন।
ওসি বেলায়েত প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেন, আটঘর ইউনিয়নের জয়কাল এলাকায় মঙ্গলবার রাতে তাস খেলাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে এসকেনের বাগবিতণ্ডা হয়। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এসকেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা রয়েছে জানিয়ে ওসি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি বেলায়েত।
