২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বুধবার থেকে পরিবহন ধর্মঘট

ট্রাক মালিক সমিতির নেতার ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার জেলা মটর মালিক সমিতির দপ্তর সম্পাদক আতিক বাবু এ কথা জানিয়েছেন।

একটি সভায় বিরোধের জেরে গত ১৩ ডিসেম্বর বিকালে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিটু ও তার গাড়িতে হামলা চালায় অজ্ঞাতরা।

এ ঘটনার প্রতিবাদে জেলা মোটর মালিক ও ট্রাক মালিক সমিতি পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করে।

তবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কারণে জেলা প্রশাসক মো. আবদুস সামাদের মধ্যস্থতায় ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।

আতিক বাবু বলেন, এক সপ্তাহ আগের ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাই বুধবার থেকে আবারও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ ধর্মঘটে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সমর্থন দিয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামীকাল থেকে জেলার সকল রুটে ট্রাক-বাস-মিনিবাস-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।”

পুরনো খবর:

ধর্মঘটে গাইবান্ধার বাস, দোকানপাট