ধর্মঘটে গাইবান্ধার বাস, দোকানপাট
দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ধর্মঘটে নেমেছে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
জেলা শহরের দোকানপাট ও জেলার সব বাস চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে। তবে গাইবান্ধার ওপর দিয়ে অন্যান্য জেলার বাস চলাচল করছে।
চেম্বারের সভাপতি আনোয়ারুল কাদির জানান, মঙ্গলবার সকালে সংগঠনের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পাঠের সময় সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালিন পারভেজের দুর্নীতির চিত্র উঠে এলে সভায় হৈচৈ হয়।
একপর্যায়ে কাদির ও পারভেজ পক্ষের হাতাহাতি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। সভার বাকি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
আনোয়ারুল কাদির বলেন, পরে কোনো উস্কানি ছাড়াই পারভেজ গ্রুপের খান মো. জসিমসহ কিছু লোক শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে চেম্বারের পরিচালক মোক্তাদুর রহমান মিটুর শ্যামলী বাস কাউন্টারে হামলা চালায়। তারা মিটু, মিটুর বাবুল ও কাউন্টারের ম্যানেজার সুমনকে ছুরিকাঘাত করে।
“এরপর তারা শহরের হকার্স মাকের্টে চেম্বার সদস্য শান্তর বড় ভাই পিয়ারুল ইসলামের অফিসে হামলা করলে দুই পক্ষে সংঘর্ষ হয়। শান্তর ছোট ভাই রায়হান, শফিকুল ও শাহীন নামে একজন আহত হন।”
হামলার প্রতিবাদে চেম্বার এবং গাইবান্ধা বাসমালিক সমিতি পৃথকভাবে জেলা শহরের দোকানপাট ও সারা জেলায় অনির্দিষ্টকালের জন্য বাসধর্মঘটের ডাক দেয় বলে জানান আনোয়ারুল কাদির।
তবে চেম্বারের সাবেক সভাপতি পারভেজ বলেন, সভা চলাকালে মতামত ব্যক্ত করতে চাইলে চেম্বারের সভাপতি কাদির বাধা দেন। এতে সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।
“এর জেরে কাদির ও চেম্বারের পরিচালক শান্ত বেশ কিছু ভাড়াটিয়া লোককে চেম্বারের অপর পরিচালক খান মো. জসিমের মুহুরিপাড়ার বাসায় পাঠালে সংঘর্ষ হয়।”
এ ঘটনাকে কেন্দ্র করে সারা শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
গাইবান্ধা সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এছাড়া পিয়ারুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ ৪৩ জনের নামে মামলা করেছেন বলে জানান ওসি মেহেদী হাসান।
