রাজশাহীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বোরোর বীজতলায় ইঁদুর মারার জন্য পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার বাদইল গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কিশমত গণকৈড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার আলী।
নিহত জয়নুদ্দিন (৫০) ওই গ্রামের বাসিন্দা।
চেয়ারম্যান আফসার স্থানীয়দের বরাতে জানান, ইঁদুরের আক্রমণ থেকে বোরের বীজতলা রক্ষার জন্য বিদ্যুৎ-সংযুক্ত জিআই দিয়ে ঘিরে রেখেছিলেন জয়নুদ্দিন।
“ওই তারে জড়িয়ে একটি ইঁদুর মারা পড়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তার থেকে ইঁদুর ছাড়াতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
জয়নুদ্দিনের বাম হাতের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান চেয়ারম্যান আফসার আলী।
