২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পদক পেলেন গাজীপুর ফায়ার সার্ভিসের আখতারুজ্জামান

সেবা ও সাহসিকতার জন্য প্রেসিডেন্ট পদক ২০১৬ পেয়েছেন গাজীপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. আখতারুজ্জামান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 11:27 AM

Updated : 20 Aug 2022, 02:30 PM

ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং কমপ্লেক্সে রোববার দুপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল তার হাতে পদক তুলে দেন বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আলী আহমেদ খান।

পদকপ্রাপ্ত আখতারুজ্জামানের গ্রামের বাড়ি কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে। তিনি ১৯৯১ সালে প্রতিষ্ঠানটিতে স্টেশন কর্মকর্তা পদে যোগ দেন। তারপর দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

মহাপরিচালক আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখতারুজ্জামান ২০১৩ সালে সাভারের রানা প্লাজাসহ বিভিন্ন এলাকায় আগুন নেভানো ও ২০০৪ সালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা নিষ্ক্রিয়করণে সাহসিকতাপূর্ণ অবদান রাখেন।

কাজের স্বীকৃতি হিসেবে সরকার আখতারুজ্জামানসহ ১০ জনকে রাষ্ট্রপতি পদক দিয়েছে বলে জানান মহাপরিচালক আলী আহমেদ খান।

পদক প্রদান অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।