মাগুরা পলিটেকনিকে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ২০
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কে ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশ শটগানের গুলি ছোড়ে বলে পুলিশ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে।
আহতদের মধ্যে ১৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তাসমেরী আফরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রিকেট খেলার আম্পায়ারিং করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে পলিটেকনিকের ননটেক বিভাগের শিক্ষক মোকলেছুর রহমানকে বহিরাগত একদল সন্ত্রাসী মারধর করে।
আহত শিক্ষক সুদীপ্ত সিংহ
তাসমেরী বলেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে পুলিশ হামলাকারীকে আটক না করায় বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে শিক্ষকরা গিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন।
“এ সময় হঠাৎ পুলিশ এসে তাদের উপর টিয়ায় শেল ছোড়ে ও লাঠিপেটা শুরু করে। এক পর্যায়ে পুলিশ ছাত্র-শিক্ষকদের লক্ষ্য করে গুলি চালায়।”
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষককে মারপিটের ঘটনায় দোষী একজনকে আটক করার পরও ছাত্র-শিক্ষকরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
“পুলিশ ঘটনাস্থলে যাওয়ামাত্রই ছাত্রদের নিক্ষেপ করা ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ওই সময় পুলিশ লাঠিপেটা ও শটগানের ১৭ রাউন্ড গুলি নিক্ষেপ করে।”
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম জানান, পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে মোট ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিন শিক্ষক, পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ জন ছাত্র রয়েছেন।
