২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ময়মনসিংহে জঙ্গিমুক্ত দেশের শপথ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের শুরুতে জঙ্গিমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছেন ময়মনসিংহবাসী।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 03:12 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বিজয় দিবসের প্রথম প্রহরে ব্রহ্মপুত্র নদের তীরে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর পর তারা এই শপথ নেন। শপথবাক্য পাঠ করান ধর্মমন্ত্রী মুক্তিযোদ্ধা মতিউর রহমান।

এ সময় নগরীর ব্রিজ মোড় থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকাসহ আশপাশ লোকরণ্য দেখা গেছে। কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, কেউ নিয়েছেন ফুলের তোড়া, বুকের কাছে একটিমাত্র গোলাপ ধরে রাখতে দেখা গেছে অনেককে। আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের চোখেমুখে ছিল বিজয়ের আনন্দ আর শহীদদের প্রতি ভালোবাসা।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ঘণ্টা বেজে ওঠে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইনজীবী নজরুল ইসলাম চুন্নু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী এবিএম নুরুজ্জামান খোকনের সঞ্চালনায় শুরু হয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। জেলা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনিসহ সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর শহীদ বেদিতে দাঁড়িয়ে ধর্মমন্ত্রী সবাইকে শপথবাক্য পাঠ করান। মুক্তিযোদ্ধাদের সঙ্গে অন্য সবাইও শপথ নেন।

ধর্মমন্ত্রী বলেন, “একাত্তরে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এখন শেখ হাসিনার ডাকেও তেমনি যুদ্ধাপরাধী-জামায়াত-মৌলবাদ-জঙ্গিমুক্ত দেশ গড়ার জন্য যেকোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।”

শপথ শেষে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক-সাংস্কৃতিক দলের নেতারা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ।

শুক্রবার সকাল ৯টায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির দ্বিতীয় অধিবেশনের উদ্ধোধন ঘোষণা করেন ধর্মমন্ত্রী।

স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা।