ফরিদপুরে দোকানে ভাংচুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভাড়াটিয়াকে দোকানঘর ছাড়তে বাধ্য করায় হামলা চালিয়ে দোকানঘরে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাটদি-বঙ্গেশ্বরদী বাজারে শুক্রবার দুপুরে দুটি দোকানে ভাংচুর করা হয় বলে জানান বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান।
বঙ্গেশ্বরদী বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, মতিয়ার রহমানের একটি দোকানঘর ভাড়া নিয়েছিলেন দিপু মোল্লা।
“সাম্প্রতিক দিপুকে দোকানঘরটি ছেড়ে দেওয়ার জন্য বলেন মতিয়ার। দিপু স্বেচ্ছায় দোকান ছাড়েননি। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দিপুকে দোকানঘর ছাড়তে বাধ্য করেন।”
একই কথা বলেন বঙ্গেশ্বরদী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মল্লিক।
প্রধান শিক্ষক আরও বলেন, শুক্রবার জুমার নামাজের সময় এলাকার লোকজন মসজিদের থাকায় দিপু মতিয়ারের দোকানঘরে হামলা চালায়। এ সময় মতিয়ার এগিয়ে গেলে দিপু তাকে মারধর করে।
দিপু হামলার কথা স্বীকার করে বলেন, “ওই দোকানের মালিক আমরা। তারা অন্যায়ভাবে দাবি করেছে। আমার ভাইকে শুক্রবার রাতে মতিয়ার গংরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।”
দোকানঘরের মালিক মতিয়ার বলছেন, “দিপু বেশ কিছুদিন ধরে আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। শুক্রবার নামাজের সময় আমার দোকানে হামলা চালায়। দোকানের মালপত্র লুটপাট করে নিয়ে যায়।”
চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুননাহার বলেন, “আমি ব্যক্তিগতভাবে দিপুকে দোকানঘরটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু কেন আবার হামলার ঘটনা ঘটল জানা নেই।”
বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের সত্যতা পেয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
