নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউপিডিএফের ৩০ কিলোমিটার মানববন্ধন
নেতাকর্মীদের মুক্তি ও ধরপাকড়, হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়িতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বুধবার খাগড়াছড়ি জেলা ও উপজেলা ইউনিটের উদ্যোগে খাগড়াছড়ি সদর থেকে পানছড়ির ধুধুকছড়া পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।
খাগড়াছড়ি-পানছড়ি-লোগাং সড়কে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এতে ধরপাকড় ছাড়াও নির্যাতন-হয়রানি বন্ধ এবং আটক ইউপিডিএফ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজকর্মী ও স্বনির্ভর বাজার কমিটির সভাপতি দিপায়ন চাকমা, ভাইবোনছড়া ইউপির সাবেক চেয়ারম্যান কান্তিলাল দেওয়ান, ইউপিডিএফের পানছড়ি উপজেলার প্রতিনিধি প্রহর চাকমা, চেঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতির বিষয়ক সম্পাদক রুমেল মারমা প্রমুখ।
তারা ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা ও পিসিপি নেতা বিপুল চাকমাসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
