২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মন্দিরে ভাংচুর: বিশেষ ক্ষমতা আইনে মামলা

মাগুরা সদর উপজেলায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক ইয়াসিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

জেলার পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, মামলার পর বুধবার দুপুরে ৩৬ বছর বয়সী ইয়াসিনকে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইয়াসিন শেখ মঙ্গলবার সন্ধ্যায় রামনগর ঠাকুরবাড়ি সার্বজনীন কালীমন্দিরে ঢুকে ভাংচুর করেন বলে অভিযোগ।

এর আগে পুলিশ সুপার বলেছিলেন, প্রতিমা ভাংচুরের ঘটনায় এলাকাবাসী ইয়াসিনকে আটক করে পুলিশে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাকে কিছুটা ‘মানসিক রোগী’ বলে মনে হয়েছে।

“তাকে দিয়ে কেউ এ কাজ করিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।”

ইয়াসিন খুলনার রূপসা উপজেলার মৈশাখুর্নি এলাকার ইউসুফ শেখের ছেলে। তার মাগুরা আসার কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

সদর থানার ওসি আজমল হুদা বলেন, “ইয়াসিনের কথাবার্তা অসংলগ্ন। সে বাসে ওঠার পর মাগুরা নেমে পড়েছে বলে দাবি করছে।”

ইয়াসিন কখন, কোথা থেকে বাসে ওঠে, কেন মাগুরা নেমে পড়ে, তার উদ্দেশ্য কী - এসব কিছু এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি বলে জানান ওসি আজমল।