২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ঢেকে থাকায় পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 10:52 AM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার ভোর থেকে সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার খবর দিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সোমবার গভীর রাত থেকে পদ্মা আববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশা আরও বেড়ে গেলে মঙ্গলবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“সকাল সোয়া ১০টা পর্যন্ত দেড় শতাধিক যাত্রীবাহী কোচ ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক উভয় ঘাটে আটকা পড়ে। সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।”

কুয়াশার কারণে রোরো ফেরি এনায়েতপুরী ও শাহ জালাল এবং কেটাইপ ফেরি কাবেরী মাঝনদীতে আটকা পড়েছিল বলে জানান তিনি।

একই কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে সাড়ে তিন ঘণ্টা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশায় ঢাকা পড়ে নৌপথ।

“দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সহ্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে ছয়টি ফেরি। এ কারণে দুই ঘাটে আটকা পড়ে দুই শতাধিক যানবাহন।”

সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয় বলে তিনি জানান।

যাত্রীদের দুর্ভোগ এড়াতে বাসগুলো আগে পার করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।