বাগমারায় ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারের বাড়ির সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি সেলিম হোসেন।
নিহত আব্দুল ওয়াদুদ আপন (৩৫) উপজেলার হামিরকুৎসা গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
ওসি সেলিম বলেন, সন্ধ্যার আগে ওই পুকুরে যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে স্থানীয়রা তাকে আপন বলে শনাক্ত করে।
“তার মাথা ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সময় মাথার আঘাত প্রাপ্ত স্থান দিয়ে রক্ত বের হচ্ছিল।”
আপনের চাচাত ভাই আব্দুল বারি বলেন, রোববার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আপন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
“সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পুকুর থেকে আপনের লাশ উদ্ধার করা হয়েছে।”
