২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ঢাকায় মান্না

উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 09:42 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

সোমবার বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানান জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার মাহমুদুর রহমান মান্নার পূর্বনির্ধারিত চিকিৎসার তারিখ রয়েছে। সেজন্য তাকে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়েছে।

কারাগারের মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান বলেন, মান্না উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হবে।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার জাহাঙ্গীর কবির জানান, রাত সাড়ে ৯টার দিকে মান্নাকে কারাগারে আনা হয়েছে। সেখান থেকে মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হবে।

সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা দুই মামলায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্না গ্রেপ্তার হন। গত ২৮ নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পান তিনি।

তবে সোমবারও তার জামিন আদেশ কারাগারে না পোঁছানোয় তিনি মুক্তি পাননি।