জেলা পরিষদে ভোট দিতে পারছেন না মাগুরার ১৮ প্রতিনিধি
তফসিল ঘোষণার আগে নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশিত না হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারছেন না মাগুরার ১৮ জনপ্রতিনিধি।
জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত তারিখের পর গেজেট প্রকাশিত হওয়ায় ১৮ জন জনপ্রতিনিধি ভোটার হতে পারেননি। গত ২০ নভেম্বরের মধ্যে যেসব জনপ্রতিনিধি দায়িত্ব পেয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার তালিকা থেকে বাদ যাওয়া জনপ্রতিনিধিরা হলেন মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১২ সদস্য, শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই সদস্য, একই উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য এবং সদরের শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য।
জনপ্রতিনিধিদের পরোক্ষ ভোটে আগামী ২৮ ডিসেম্বর ৬১ জেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাগুরায় চেয়ারম্যান পদে তিন জন, পুরুষ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনেরন তফসিল ঘোষণার আগে পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন তারাই এ নির্বাচনে ভোট দিতে পারবেন।
আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।
২৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো ভোটার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারলেও ভোট দিতে পারবেন না। আর জনপ্রতিনিধিরা ভোটার হলেও প্রার্থী হতে পারবেন না।
সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলেও জেলা পরিষদ আইনে প্রত্যক্ষ ভোটের বিধান নেই।
প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্য জেলা পরিষদ নির্বাচনের ভোটার হবেন। তাদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।
এ হিসেবে স্থানীয় সরকারের চার ধরনের প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এ নির্বাচনে ভোট দেবেন।
