সাভারে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ‘ছিনতাই’
সাভারে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে বাজার রোড এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ীর ভাই সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অমিত দত্ত।
তিনি বলেন, তার ভাই সানি দত্তের সাভার নামা বাজারে কাপড় ও প্রসাধন সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার দুপুরে বাজার রোডের ডাচ বাংলা ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে রিকশায় করে নামা বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন।
“পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা।”
ঘটনার পর তারা থানায় গিয়ে মৌখিখভাবে পুলিশকে জানিয়েছেন বলে দাবি করেন অমিত।
তবে অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া বলেন, “গুলি করে টাকা ছিনতাইয়ের কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
