ঝিনাইদহে কৃষক খুন
ঝিনাইদহের সদর উপজেলায় এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার সকালে নিচপুটিয়া গ্রামের একটি ধানক্ষেতে ২৬ বছর বয়সী মহিদুল ইসলামের লাশ পাওয়া যায় বলে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীন উদ্দিন জানান।
মহিদুল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। শনিবার রাতে নিখোঁজ হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক শাহীন বলেন, সকালে ধানক্ষেতে মহিদুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
“মহিদুলেরর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।”
নিহতের ভাই তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে স্থানীয় বাজারের একটি দোকান থেকে ছেলে-মেয়েদের জন্য বিস্কুট কিনে বাসায় ফেরেন মহিদুল। এর এক ঘণ্টা পর আবার বাসা থেকে বেড়িয়ে যান তিনি।
তারিকুল জানান, রাত ১২টা পর্যন্ত মহিদুল বাড়িতে না ফেরায় তার স্ত্রী বাড়ির অন্যান্য সদস্যদের খবর দেয়। তারা আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করে। তবে রাত পর্যন্ত মহিদুলের হোদিস মেলেনি।
সকালে তারা স্থানীয়দের কাছে ধানক্ষেতে মহিদুলের লাশ পড়ে থাকার খবর পান বলে জানান তারিকুল।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ধরন দেখে পুলিশের ধারণা, মহিদুলকে পরিকল্পনা করে হত্যা করা হয়ে থাকতে পারে।
