২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলের ৫ শিক্ষার্থীকে নির্যাতন

‘প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন’ নিয়ে বিরোধে ময়মনসিংহ মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 05:39 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

শুক্রবার রাতে বাঘমারা হোস্টেলে এ ঘটনা ঘটে বলে হামলার শিকার শিক্ষার্থীদের ভাষ্য।

আহতদের চারজন হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হাফিজ, মহীদুল, ওয়াকীল, স্বপন ও সুমন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গত রোববার পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের যাত্রা পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তুর্কমেনিস্তানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি শেষে ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান

প্রধানমন্ত্রীর বহর দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ায় শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে প্রার্থনা ও দোয়া কর্মসূচি ঘোষণা করা হয়।

আহত হাফিজ ও মহীদুল বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় তারা কয়েকজন দোয়া মাহফিলের আয়োজন করতে প্রস্তাব নিয়ে যান ছাত্রলীগ নেতাদের কাছে। কিন্তু তারা তাদের নিরুৎসাহিত করেন এবং এ নিয়ে আ না এগোনোর পরামর্শ দেন।   

হাফিজ বলেন, এরপর তারা আর নেতাদের না জানিয়ে কয়েকজন মিলে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করেন। 

মহীদুল বলেন, রাত ১১টার দিকে কলেজের নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি আতিকুর রহমান তুষার, ডা. মেহেদী হাসান কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক নিপেন সিং, সহ-সভাপতি সম্পদ দত্ত, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, এম এ জলিলসহ অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে নিয়ে তাদেরকে রুম থেকে ডেকে বাঘমারা হোস্টেলের ২০৫ নম্বর রুমে নিয়ে যান। 

“সেখানে আমাদেরকে হাত-পা বেঁধে রাতভর শারীরিক নির্যাতন করে।” 

এ খবর পেয়ে অধ্যাপক ডা. শংকর নারায়ণ শনিবার সকালে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানান মহীদুল। 

অধ্যাপক শংকর বলেন, “আমি একজনকে হোস্টেল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।” 

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন ও পাঁচ শিক্ষার্থীকে বেঁধে রাতভর নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনি চেম্বারে রোগী দেখছেন বলে সংযোগ কেটে দেন।

এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান তুষার বলেন, আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার বিকালে বহিরাগত কিছু লোক এসে শিক্ষার্থীদের হুমকি দিয়ে গিয়েছিল। তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে, বলেন তিনি। 

ডা. মেহেদী হাসান কবির বলেন, “আমরা দোয়া মাহফিলের আয়োজন করি নাই। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে অন্তর থেকে দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা নিজেদের মাঝে ঝগড়া করেছে। সেটি সমাধানের জন্য আমরা ডাকলে তারা আমাদের সাথেও বেয়াদবি করেছে। তাই তাদেরকে শাসন করেছি।”