২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাভোগ শেষে ফেরত গেলেন মিয়ানমারের ৯১ জেলে

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে এসে আটক মিয়ানমারের ৯১ জন জেলেকে সাজাভোগ শেষে ফেরত দেওয়া হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বুধবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বেলা ১০টায় শুরু হওয়া পতাকা বৈঠক শেষ হয় দুপুর ১২টার দিকে। এরপর বিজিপি কাছে তাদের হস্তান্তর করা হয়। বিজিপি তাদের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে নিজ দেশে নিয়ে যায়।

আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, সাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ২০১৫ সালের ৮ ডিসেম্বর নৌ-বাহিনীর একটি দল মিয়ানমারের ৯২ জন জেলেকে আটক করে। আটক থাকা অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। পরে বাকি ৯১ জনকে ফেরত দিতে মিয়ানমার সরকার অনুরোধ জানালে মুক্তি দিয়ে বাংলাদেশ সরকার ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

তারই অংশ হিসেবে বুধবার বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান কর্নের আনসিুর।

আনিসুর আরও বলেন, ফেরত পাঠানো ৯১ জনের অধিকাংশই রোহিঙ্গা। তাদের মধ্যে মিয়ানমারের রাখাইন সম্প্রদায়ের লোকও রয়েছে।

পতাকা বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের বৈধ কোনো নাগরিক বাংলাদেশে থেকে থাকলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে ফেরত নেবে তারা। একইভাবে মিয়ানমারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদেরও ফেরত দেওয়া হবে বলে প্রতিনিধিরা জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিনিধি দল।  

পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার। উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নের এম এম আনিসুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস ও পুলিশের উখিয়া সার্কেলের এএসপি আব্দুল মালেক।

মিয়ানমারের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মংডুর ডেপুটি ডিরেক্টর চ্য চ্য এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

মুক্তি পাওয়া এক জেলে নাম প্রকাশ না করে বলেন, “বাড়িতে ফিরে যেতে পারায় বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরেক জেলে বলেন, সমুদ্রে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত বছর তাদের নৌ-বাহিনীর একটি দল আটক করেছিল। পরে উভয় দেশের সরকারের আন্তরিক উদ্যোগের মাধ্যমে স্বদেশে ফিরতে পেরে খুবই আনন্দিত।

পুরনো খবর:

মিয়ানমারের ৯১ জেলেকে হস্তান্তর বুধবার