২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বারে জেএমবির বোমা হামলার ১১ বছর

গাজীপুরে আইনজীবী সমিতি কক্ষে জেএমবির বোমা হামলার বিচার এগারো বছরেও শেষ হয়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 08:36 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

গাজীপুর বারে বোমা: ৬ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল
গাজীপুর বারে বোমা হামলা: হাই কোর্টের রায় ২৮ জুলাই
গাজীপুর বারে বোমা: হাই কোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

মঙ্গলবার এ ঘটনার ১১ বছর পূর্ণ হয়েছে।

আইনজীবী সমিতির হলরুমে ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে আত্মঘাতি ওই বোমা হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও বোমা হামলাকারী নিহত হন। আহত হন প্রায় অর্ধশত।  

মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে আইনজীবী সমিতি দিনটি স্মরণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বোমা হামলায় নিহতদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি শিখা অনির্বাণ’-এ আইনজীবী সমিতি, গাজীপুর জজশিপ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।

Image
বোমা হামলার পর বারের ভেতরের অংশ (ফাইল ছবি)

বোমা হামলার পর বারের ভেতরের অংশ (ফাইল ছবি)

জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদ উজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জায়েদ মনসুর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী, জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বারের সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, সাবেক সভাপতি নূরুল আমিন, ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুস ছোবহান, আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

সমিতির সাবেক সভাপতি ওয়াজউদ্দিন মিয়া জানান, ২০০৫ সালের ২৯ নভেম্বর আইনজীবী সমিতির দুই নম্বর হল রুমে জেএমবির এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী নিহত হন; আহত হন অন্তত ৫০ জন।

ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে। বাকি দুটি ঢাকায় দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।

ঘটনাস্থলে নিহতরা হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা ও অ্যাডভোকেট গোলাম ফারুক অভি, জেএমবি সদস্য শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম, বিচার প্রার্থী আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। অন্যরা পরে মারা যান।