২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বারে বোমা: হাই কোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে ১১ বছর আগে জঙ্গি বোমা হামলায় চার আইনজীবী ও চার বিচারপ্রার্থী নিহতের মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল ও জেল আপিলের ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চে বুধবার এই শুনানি শুরু হয়।

প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে উপস্থাপন শুরু করে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

শহীদুল ইসলাম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ হাজার ১৬৬ পৃষ্ঠার পেপারবুক থেকে প্রথম দিনের শুনানিতে মামলার এজহার, অভিযোগপত্র ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান হয়। বৃহস্পতিবারও শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর অ্যাডভোকেট বার সমিতির দুই নম্বর হলে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইনজীবীদের দৈনন্দিন কার্যক্রম ও আদালতে যাওয়ার প্রস্তুতির মধ্যে ওই হামলায় আত্মঘাতী জেএমবি সদস্য আজাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ ঘটনাস্থলেই মারা যান।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন; আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুক এবং চার বিচারপ্রার্থী।

এ ঘটনায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও আতাউর রহমান সানী, আত্মঘাতী হামলাকারী ও সহযোগীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন।

তদন্ত শেষে ২০০৭ সালের ৪ জুলাই পুলিশ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানি ও খালেদা সাইফুল্লাহর অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এবং হামলাকারী আজাদ ও তার সহযোগী জেএমবি সদস্য মোল্লা ওমর ওরফে শাকিলের মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

গাজীপুর প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০১১ সালের ২৪ এপ্রিল দশ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই বছরের ৩ অক্টোবর সরকার মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ পাঠায়।

এরপর আট আসামির বিরুদ্ধে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি আলাদাভাবে সংশোধিত চার্জ গঠন হয়। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষের ৭০ জন এবং আসামিপক্ষে তিনজনের সাক্ষ্য শোনে আদালত।  

শুনানি শেষে ২০১৩ সালের ২০ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মোতাহার হোসেন যে রায় ঘোষণা করেন, তাতে দশ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দশ জেএমবি সদস্য হলেন- এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি, তৈয়বুর রহমান ওরফে হাসান, মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান, মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।

নিম্ন আদালতের রায়ের পর ওই বছরই আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাই কোর্টে আসে। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে চার আসামি আপিল ও দশ আসামি জেল আপিল করেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেপারবুক প্রস্তুত হওয়ার পর প্রধান বিচারপতি চলতি বছরের ৫ মে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল শুনানির জন্য হাই কোর্টের এই বেঞ্চে পাঠান। এর ধারাবাহিকতায় বুধবার শুনানি শুরু হল।

২০০৫ ও ২০০৬ সালের বিভিন্ন সময়ে ওই দশ জেএমবি সদস্য গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন বলেও জানান শহীদুল ইসলাম।