২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

মঙ্গলবার কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ এ জি এম আল মাসুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শহরের চর শোলাকিয়া বাগপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, শহরের চর শোলাকিয়া বাগপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রুবেল (৩৬)  ও  রফিকুল ইসলাম (৩৫) বন্ধু ছিলেন। রুবেল শহরের তেলিপট্টি এলাকায় ফুটপাতে গেঞ্জির ব্যবসা করতেন এবং রফিকুল ওই এলাকার এইচ এম সুপার মার্কেটের মালিক।

এক পর্যায়ে ব্যবসার জন্য রফিকুলের মার্কেটের একটি দোকান এক লাখ টাকা জামানত ও মাসিক চার হাজার টাকা ভাড়ায় নিতে রুবেলের সঙ্গে মৌখিক সমঝোতা হয়।

সেই মোতাবেক ২০১১ সালের ২০ সেপ্টেম্বর রুবেল অগ্রিম বাবদ ৮০ হাজার টাকা দিলে ২ অক্টোবর দোকান বুঝিয়ে দিবেন বলে রফিকুল আশ্বস্ত করেন।

পরে ২৬ সেপ্টেম্বর রাতে দোকান বিষয়ে আলোচনার জন্য রুবেলকে মোবাইল ফোনে নিজ বাড়িতে ডেকে আনেন রফিকুল। এক পর্যায়ে ঘুমের ওষুধ মিশ্রিত পানি খাইয়ে রুবেলকে অচেতন করে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে একটি কক্ষের মেঝে খুঁড়ে লাশ পুঁতে রাখেন রফিকুল।

খোঁজাখুঁজি করে রুবেলকে না পেয়ে তার বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। পুলিশ তদন্ত চালিয়ে প্রথমে রফিকুলকে আটক এবং তার স্বীকারোক্তি মতে ২৯ সেপ্টেম্বর মেঝে খুঁড়ে রুবেলের লাশ উদ্ধার করে।

ওই আদালতের এপিপি আমিনুল হক চৌধুরী চুন্নু জানান, এ ঘটনায় রুবেলের স্ত্রী কল্পনা আক্তার বাদী হয়ে রফিকুলকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।