গাজীপুরে চোখ উপড়ানো, হাত-পা বাঁধা লাশ উদ্ধার
গাজীপুরে ড্রেন থেকে হাত-পা বাঁধা ও চোখ উপড়ানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩২ বছর বয়সের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার এসআই রিপন কুমার জানান, সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের যুগীতলা এলাকায় জঙ্গলের মধ্যে একটি ড্রেনে অজ্ঞাত পরিচয় ওই যুবকের দুহাত এবং দুপা বাঁধা লাশ দেখতে পায় এলাকাবাসী।
তিনি বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
“আনুমানিক ৩২ বছর বয়সের ওই যুবকের পরনে লাল গেঞ্জি, সাদা উলের জ্যাকেট এবং ছাই রংয়ের প্যান্ট রয়েছে। তার দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং মাথা ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রশি দিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও দুচোখ উপড়ে ওই যুবককে হত্যার পর লাশ ড্রেনের জঙ্গলে ফেলে পালিয়ে যায়, বলেন এসআই রিপন।
