২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার

রাজশাহীর পবা উপজেলায় ৪১ জন চোরাকারবারী ও মাদক পাচারকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 10:48 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

সোমবার চরমাঝারদিয়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

পরে তারা অঙ্গীকারনামায় স্বাক্ষর ও শপথ বাক্য পাঠ করে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন।

পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান।

পবার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার শিরিন জাহান, উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী, একেএম নাহিদুল ইসলাম, পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক তোতা প্রমুখ।

কমিশনার শফিকুল ইসলাম বলেন, আজ যারা অঙ্গীকার করে চোরাকারবার ও মাদক ব্যবসা ছাড়লেন তাদের আয়ের উৎস হারিয়ে গেল। এখন তারা যদি চান পুলিশের পক্ষ থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

“কেউ যদি রিক্সা-ভ্যান চালাতে চান, পুলিশের পক্ষ থেকে তাদের কিনে দেওয়া হবে। ছোটখাটো চাকরি চাইলে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুপারিশ করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

তবে কারও নামে মামলা থাকলে সেগুলো স্বাভাবিক গতিতে চলবে বলে জানান পুলিশ কমিশনার।