শাবিতে ভর্তি জালিয়াতি মামলার দুই আসামি রিমান্ডে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ইশাদ ইমতিয়াজ হৃদয়ের তিন দিন ও শাহজালালের শিক্ষার্থী আল আমিনকে দুই দিনের জন্য পুলিশ রিমান্ডে পেয়েছে।
শনিবার সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে উত্তরপত্র সরবরাহ চক্রের ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার জালালাবাদ থানার এসআই দেবাংশু পাল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হৃদয়ের তিন দিন ও আল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ মামলার বাকি আসামিরা কারাগারে রয়েছেন বলে জানান তিনি।
বগুড়ার গুগল কোচিং সেন্টার নামের একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পরিচালকের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ চক্রটি জালিয়াতির কাজ করে আসছিল বলে পুলিশের ভাষ্য।
এদিকে জাতিয়াতির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
