পিরোজপুরে পুড়েছে ৮ দোকান
পিরোজপুর শহরে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।
রোববার গভীর রাতে শহরের পুরাতন কাপুড়িয়া পট্টির কালিবাড়ি সড়কে এ অগ্নিকাণ্ডে দুটি বসত ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাজা জানান।
তিনি বলেন, রাত ১২টার দিকে ওই এলাকার বাসিন্দারা হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
“পরে নাজিরপুর ও ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
কাপুড়িয়া পট্টির হারুন অর রশিদের হোটেল থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তিনি বলেন, আগুনে আটটি দোকান সম্পূর্ণ এবং দুইটি বসতবাড়ির আংশিক পুড়ে গেছে। এতে আনুমানিক ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
