ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা, পুলিশের মামলা
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ফুললবাড়িয়া থানার ওসি রিফাত বিন রাজিব জানান, সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষ বাঁধলে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী সফর আলীর (৭০) মৃত্যু হয়; আহত হন আরও ২০ জন।
ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেমের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হলে হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে সংঘর্ষের জন্য আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের দায়ী করেছে পুলিশ। ফুলবাড়িয়া থানার এসআই রফিক পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ এনে রোববার রাতে একটি মামলাও করেছেন।
ওসি রিফাত জানান, অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তবে হতাহতের ঘটনায় কোনো মামলা এখনও হয়নি।
