চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন: এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
এর আগে রাত সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার রফিকুল বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে মহানগর গোধূলীর চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। অবশিষ্ঠ বগিগুলো নিয়ে ট্রেনটি ভৈরববাজার জংশনে চলে যায়।
“ভৈরববাজার জংশনে থেকে মহানগর গোধূলী ট্রেনটিকে আশুগঞ্জ স্টেশনে আনা হয়। রাত ৯টা ১০ মিনিটের দিকে বিচ্ছিন্ন হওয়া চারটি বগি সংযুক্ত করে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।”
