চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে মহানগর গোধূলীর চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। অবশিষ্ঠ বগিগুলো নিয়ে ট্রেনটি ভৈরববাজার জংশনে চলে আসে। বিচ্ছিন্ন হওয়া বগিগুলো সংযুক্ত করতে ট্রেনটিকে পুনরায় আশুগঞ্জ স্টেশনে আনা হচ্ছে।
রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানাতে না পারলেও এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন স্টেশন মাস্টার রফিকুল।
