২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

উত্তরার মণ্ডপে ত্রিবেদী: ‘সব মানুষের একই জাত, এটা ভাবলে সমস্যাই থাকে না’

"পুরো পৃথিবীতে আজ যা চলছে, তাতে সবাই ক্লান্ত,” বলেন ভারতের হাই কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 02:04 AM

Updated : 21 Oct 2026, 02:04 AM

বিভাজনের মানসিকতার কারণে পৃথিবীতে নানা সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, "সব মানুষের জাত একই। যখন এই ভাবনা-চিন্তা মানুষের মাথায় আসবে, কোনো সমস্যাই থাকে না। আমাদের সমস্যা হয় যখন আমরা ভাগাভাগি করে দিই। মানসিকভাবে যদি আপনি ভাগাভাগি না করেন, তাহলে এ পৃথিবীটার খুব ভালো হবে।

"পুরো পৃথিবীতে আজ যা চলছে, তাতে সবাই ক্লান্ত।"

মঙ্গলবার ঢাকার উত্তরা সার্বজনীন পূজা কমিটির মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, “পূজায় হাই কমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

"মন্ত্রী আজ আছে, কাল নেই; হাই কমিশনার আজ আছে, কাল নেই। কিন্তু পরিবারের যে লোকেরা আছে, সবসময় থাকে। তাহলে আগামী দিনে, কিছু বছর পরে যখন আমি দেশে ফিরে যাব, তারপর যখন এখানটায় আসব, আশা করি একটা পরিবারের সদস্য হিসেবে আমাকে স্বীকার করবেন।”

‘মায়ের কাছে’ নিজের প্রত্যাশা তুলে ধরে ত্রিবেদী বলেন, "সবাই যেন ভালো থাকে। আমাদের ছোট বাচ্চারা, ওদের শিক্ষা ভালো হোক, ওদের আচরণটা ভালো হোক, আর ওদের স্বাস্থ্যটা ভালো হোক।"

তিনি বলেন, "সত্যি খুবই ভালো লাগছে। আজকে মহানবমী, আগামীকাল বিজয়া। আর বিজয়া মানে কী? পুজো তো হয়, বিজয়ার গ্রিটিংসও হয়, কোলাকুলি হয়, সবকিছু হয়। কিন্তু আমাদের নিজস্বকে বিজয় করতে হবে। যতক্ষণ আমরা নিজেকে বিজয় না করি, ততক্ষণ আমরা বিজয়া কিসের জন্য হচ্ছে, ওইটা বুঝতে পারব না।"