বাগেরহাটে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
বাগেরহাটের রামপাল উপজেলায় নাশকতা মামলার অন্যতম আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রামপাল থানার ওসি বেলায়েত হোসেন।
গ্রেপ্তার মো. আসাদুজ্জামান রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি। এর আগে তিনি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
ওসি বেলায়েত বলেন, গত ১৪ অক্টোবর রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে এই জামায়াত নেতার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল নাশকতা চালিয়ে পরিবেশ অশান্ত করার জন্য বৈঠক করছিল।
“পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে বিস্ফোরকসহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় পুলিশ আসাদসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।”
মামলার পর থেকেই আসাদ পলাতক ছিলেন বলে জানান ওসি বেলায়েত হোসেন।
আসাদের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলেও তিনি জানান।
